সাভারে নৈশকোচের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই যাত্রীও আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম রফিকুল ইসলাম বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পল্লী বিদ্যুৎ বাসস্ট্যান্ডে যাত্রী উঠা-নামায় করছিল নিরাপদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এসময় পেছন থেকে একটি নৈশকোচ নিরাপদ পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গেটে থাকা নিরাপদ পরিবহনের হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ঘটনায় আহত দু’যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসের চালককে আটকের চেষ্টা চলছে।
এএইচ





