কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আমিরুল ইসলাম (৪২) নামে এক চরমপন্থি নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মণ্ডল ফিলিং স্টেশনের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, রাত আড়াইটার দিকে মণ্ডল ফিলিং স্টেশনের কাছে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত।

খবর পেয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সেখানে অভিযানে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বেশ কিছুক্ষণ উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়।

পরে রাস্তার পাশের হাউজিং মাঠে গুলিবিদ্ধ অবস্থায় আমিরুল নামে এক ডাকাত সদস্যকে পাওয়া যায়। এ অবস্থায় আমিরুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পুলিশ ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করে। বন্দুকযুদ্ধে গোয়েন্দা পুলিশের চার সদস্য আহত হন।

এসএম