প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ চাইলে হরতাল বন্ধে আইন করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের জনমত সৃষ্টি করতে হবে।
বুধবার দশম জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলীয় সংসদ সদস্য এম এ হান্নানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিগত সময় হরতালের নামে যা হয়েছে, সেটাকে তো আন্দোলন বলা চলে না। ওটা ছিলো সরাসরি খুন, সন্ত্রাস জঙ্গিবাদের আর এক রূপ।
‘এদেশের উন্নয়ন বার বার বাধাগ্রস্ত হয়েছে হরতালের কারণেই এ কথা স্বরণ করিয়ে প্রশ্নকারী প্রধানমন্ত্রীর কাছে জানতে চান- স্বল্পকালীন সময় হলেও হরতাল বন্ধে আইন করা যায় কি না?’
এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে আমি এ মুহূর্তে কিছু বলতে চাই না। কারণ এতে জনসাধারণের মতামত থাকতে হবে। আন্দোলন করা রাজনৈতিক অধিকার।
তিনি বলেন, আমরা দেখেছি হরতালের নামে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, গাড়ি পোড়ানোর দৃশ্য, ভাঙচুরের দৃশ্য। এটা দুঃখজনক। এ কাজ গ্রহণযোগ্য না, এর বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে।
আইন করে হরতাল বন্ধের ব্যপারে এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না। জনগণ যদি চায়, তাহলে সব সংসদ সদস্য মিলে এ ব্যাপারে সিন্ধান্ত নেওয়া যেতে পারে।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





