বাগেরহাট সদরে মহাসড়কের পাশ থেকে এক মটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত চালকের নাম বাপ্পি শিকদার (২০) বলে জানা যায়।

মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলার কররী সিএন্ডবি বাজারের শ্মশান ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বাপ্পি শিকদার বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ব্রাহ্মণকাঠী গ্রামের সত্তার শিকদারের ছেলে। তিনি মটর সাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।

নিহত বাপ্পির পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার এলাকা থেকে যাত্রী নিয়ে বাগেরহাটের দিকে যান বাপ্পি। এরপর রাতে আর বাড়ি ফেরেন নি তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ সিএন্ডবি বাজার এলাকায় মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান জানান, পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মটরসাইকেল ছিনতাইকারী চক্রের সদস্যরা যাত্রী সেজে বাপ্পিকে হত্যার পর লাশ ফেলে রেখে গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ