লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ায় শনিবার বিকালে পুলিশের সঙ্গে বিপ্লব বাহিনীর ‘গোলাগুলি’ হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলিভর্তি বিদেশী পিস্তলসহ গুলিবিদ্ধ অবস্থায় মো. রুবেল (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. ওয়াহিদুজ্জামান ও কনস্টেবল মো. মইন উদ্দিন।
আটক রুবেল ওই এলাকার আবুল কালামের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক।
দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পশ্চিম দত্তপাড়া গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীদের আটক করতে বিকাল ৩টার দিকে অভিযান চালায়। এ সময় বিপ্লব বাহিনীর সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ১৭ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তিনিসহ দুই পুলিশ সদস্য ও সন্ত্রাসী বাহিনীর একাধিক সদস্য আহত হয়েছেন।’
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রুবেলকে দুই রাউন্ড গুলিভর্তি বিদেশী পিস্তলসহ আটক করা হয়েছে। এ ছাড়া তার কাছ থেকে একটি এলজির কার্তুজ উদ্ধার করা হয়। অন্যরা পালিয়ে যায়। রুবেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সদর থানায় সাতটি মামলা রয়েছে।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





