গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। যৌথ বাহিনী ও পুলিশ পৃথকভাবে মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

জেলার তুলশীঘাটে ঢাকাগামী বাসে পেট্রেলবোমা মেরে মানুষ হত্যা মামলাসহ বিভিন্ন নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্টোল রুমের অপারেটর আবদুর রশিদ জানায়, জেলার সদরসহ সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, পালাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতাররা জেলার বিভিন্ন থানা হাজতে রয়েছেন। তারা সবাই বিএনপি ও জামায়াত-শিবিরের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এমকে