আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। দুই সিটি করপোরেশনকে কার্যকর ওষুধ দেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ রোববার রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির বন্যাকবলিত অঞ্চলে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গুকে আমরা সহজভাবে নিচ্ছি না। সিরিয়াসলি নিয়েছি, আমরা সর্বাত্মকভাবে প্রতিরোধ গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছি। কেন্দ্রীয়ভাবে আমাদের নেত্রী বলেছেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। আমরা সচেতনতামূলক, সতর্কতামূলক সভা-সমাবেশ করব, জনগণকে উদ্বুদ্ধ করব।’

বন্যাদুর্গতদের সর্বাত্মক সহযোগিতা করাও আরেকটি চ্যালেঞ্জ বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘এ দুটি চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে নেমেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের ছয়টি ত্রাণের টিম প্রথম দিন থেকে সর্বাত্মকভাবে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বরেকর্ড করেছেন। আমরা মানুষের মানবতার টানে পাশে দাঁড়াই।’

বিএনপি লোক দেখানো ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকায় দলটির কোনো আন্দোলনই আর সাড়া পাবে না।

এসময় ওবায়দুল কাদের আরও বলেন, দেশ সংকটে আছে এমনটা বলে বিএনপি গুজব ছড়াতে চাইছে। খালেদা জিয়ার মুক্তি নিয়ে দলটি আন্দোলনে মাঠে নামলেও জনগণ তাতে সাড়া দেবে না।

এ সময় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামসুন্নাহার চাঁপা ও কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।

এএস