ঈদের আগের দিন সোমবার রাত ৯টা পর্যন্ত দেশের ১৩ জেলায় বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন।
তাদের মধ্যে- হবিগঞ্জে ২ জন, মুন্সীগঞ্জের শ্রীনগরে ২ জন, ময়মনসিংহের নান্দাইলে ২ জন, মৌলভীবাজারে ১ জন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১ জন, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ২ শিশু, চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ জন, বগুড়ায় ১ জন, টাঙ্গাইলের মির্জাপুরে ২ জন, নোয়াখালীর বেগমগঞ্জে ১ জন, রংপুরে ২ জন ও ঢাকার রামপুরায় ১ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম: সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় কামাল (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কামাল চাঁদপুর সদরের জনৈক সোনা মিয়ার ছেলে বলে জানিয়েছেন এএসআই পংকজ বড়ুয়া।
গাইবান্ধা: সোমবার ভোর ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের তালতলা এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (২৮) এক নারীর মৃত্যু হয়েছে।
এসময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল ঝালুয়ায় সোমবার সকাল ৮টার দিকে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে রোমেলা (৩০) ও হাসিনা (৫৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে।
একই ঘটনায় কমপক্ষে আরো ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন চিকিৎসাধীন এবং গুরুতর আহত দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া সড়কের ব্রাহ্মণবাজার এলাকায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাসের চাপায় দিপু কর (৪৮) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরো পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের মৌলভীবাজার ও কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ: সোমবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শিশুরা হলো- কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এলাকার হোসেন মিয়ার ছেলে শাহীন (২) ও একই জেলার মিঠামইন গ্রামের বকুল মিয়ার মেয়ে নাসিমা (৬মাস)।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বগুড়া: সোমবার দুপুর পৌনে ১২টার দিকে বগুড়ার দুপচাচিয়া উপজেলা সদরে ট্রাকের ধাক্কায় মাছুম শেখ (৪৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন।
মাছুম শেখ বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের মাদ্রাসা পাড়া গ্রামের মৃত আইয়ুব আলী শেখের ছেলে।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরের ষমশপুর এলাকায় সোমবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতপরিচয় দুই পথচারীর মৃত্যু হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই পথচারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সোমবার দুপুর দেড়টার দিকে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুর গ্রামের রাজই মিয়া (৬০) ও দরিয়াপুর গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী রোজিনা বেগম (৩২)।
এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। আহতরা হলেন- নসরতপুর গ্রামের লিয়াকত আলীর স্ত্রী রিনা বেগম (৩৫) ও একই গ্রামের লাল মিয়ার ছেলে হাবিব মিয়া।
টাঙ্গাইল: সোমবার দুপুর দেড়টার দিকে টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়া এলাকায় ট্রাক থেকে পড়ে অজ্ঞাত-পরিচয় দুই জনের মৃত্যু হয়েছে।
নোয়াখালী: সোমবার বিকেল ৪টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের কেন্দুরবাগ বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত-পরিচয় (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
কেন্দুরবাগ বাজার এলাকায় লক্ষ্মীপুরগামী জননী সার্ভিসের একটি যাত্রীবাহী বাস তার বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দিলে অজ্ঞাত-পরিচয় ওই যুবক ঘটনাস্থলেই মারা যান।
রংপুর: সোমবার বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কে বাসের চাপায় রাকিব (১৭) ও মনিরা বেগম (২৫) নামে দুই পথচারীর মৃত্যু হয়েছে।
ঢাকা থেকে রংপুরগামী একটি বাস ওই দুইজনকে চাপা দিলে তারা রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা: সোমবার বিকেল পাঁচটায় রাজধানীর রামপুরা ব্রিজের পাশে মাইক্রোবাসের ধাক্কায় নাদিয়া সুলতানা রোকসানা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নাদিয়া সুলতানা রাজধানীর আফতাবনগরের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী।
রামপুরা ব্রিজের পাশে মাইক্রোবাস ধাক্কায় আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ আনা হয়। এসময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





