‘প্রবাসীদের স্বার্থ রক্ষার জন্য যেন শহীদ হতে পারি, আল্লাহ যেন আমার সেই দাবি কবুল করেন, আহ্বান কবুল করেন’— শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার মুহূর্তে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করা ভিডিও বক্তব্যতে এমন কথাই বলেছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

ভিডিও বক্তব্যে মেজর আখতারুজ্জামান বলেন, ‘আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসী। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, শুধু আপনাদের জানিয়ে গেলাম সবাইকে। দোয়া করবেন, আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে প্রবাসীদের স্বার্থ রক্ষার জন্য যেন শহীদ হতে পারি, আল্লাহ যেন আমার সেই দাবি কবুল করেন, আহ্বান কবুল করেন।’

তিনি বলেন, ‘জনগণের অধিকারের সংগ্রামে আমি আছি, থাকব, আজীবন থাকব। যতদিন বেঁচে আছি, ততদিন জনগণের পাশে থাকব, জনগণের জন্য সংগ্রাম করব, জনগণের জন্য এই জীবন ত্যাগ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।’

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীবের করা মামলার এজাহার অনুযায়ী, ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-338 ফ্লাইটের যাত্রীরা ৮ নম্বর ব্যাগেজ বেল্টে লাগেজ সংগ্রহের সময় ট্রলি সংকট ও বিলম্বের মুখে পড়েন। এতে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।বাংলাদেশের অর্থনীতি সংবাদ

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে গেলে মেজর (অব.) আখতারুজ্জামান তার সঙ্গে তর্কে জড়ান। মামলার এজাহারে তার বিরুদ্ধে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলাটি দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় করা হয়েছে।

মামলার পর বিমানবন্দর থানার পুলিশ জানিয়েছিল, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য আলামত পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার বিকেলে মেজর (অব.) আখতারুজ্জামানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএম