বাংলাদেশে প্রথম সফরকে ‘বিশেষ মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন চুক্তি, সমঝোতা স্মারক, সম্মতিপত্র স্বাক্ষর শেষে বক্তব্য দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁদের বক্তব্যে দুই দেশের পারস্পরিক সম্পর্কের কথা গুরুত্ব পায়। দুই প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বাংলাদেশের মন্ত্রী, উপদেষ্টা ও নরেন্দ্র মোদির সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

নরেন্দ্র মোদি বলেন, ‘বাংলাদেশে প্রথম সফর আমার জন্য বিশেষ মুহূর্ত। আমার এ সফর অগণিত মানুষের শুভ কামনায় সমৃদ্ধ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা কেবল প্রতিবেশী নই। আমরা দুটি জাতি, যারা ইতিহাস, ধর্ম, সংস্কৃতি, ভাষা ও সম্পর্কের বন্ধনে আবদ্ধ। এমনকি ক্রিকেটের প্রতি ভালোবাসার দিক থেকেও।’ তিনি বলেন, ‘আমাদের মধ্যে সংগ্রাম ও উৎসর্গের একটা আবেগের বন্ধন রয়েছে, যা আমাদের সার্বভৌম ও সমান জাতি হিসেবে পরিণত করেছে।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাস সার্ভিস চালু করা হয়েছে। এটি দু দেশের মানুষকে আরও সহজে যুক্ত করবে এবং দুটি জাতিকে আরও কাছে নিয়ে আসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি আমাদের ঋদ্ধ করেছে।

তিনি আরও বলেন, ‘এখন আমরা উন্নয়নের পথে সফল সহযাত্রী। ...আমি ভারতের জন্য যে ভবিষ্যতের স্বপ্ন দেখি, বাংলাদেশের জন্যও একই ধরনের ভবিষ্যৎ​ কামনা করি।’

মোদ তাঁর ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

এএইচ