দেশে প্রথমবারের মতো দলীয়ভাবে পৌরসভার মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। নতুন আইন ও আচরণবিধি মেনে ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বেলা আড়াইটায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর, যাচাই-বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর।

নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৫৮৪টি। পুরুষ ভোটার সংখ্যা ৩৫ লাখ ৮৬ হাজার, নারী ভোটার ৩৪ লাখ ৭৬ হাজার। মেয়র পদ ২৩৪টি, সংরক্ষিত ৭৩৮, সাধারণ ২ হাজার ৯০১টি। 

জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাতেই মনোনয়নপত্র ছাপানো শুরু হয়েছে। বিজিপ্রেস থেকে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশনাও দেওয়া হয়েছে, এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে দেওয়া হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তাকে।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় এ নির্বাচন হচ্ছে। মেয়র পদে দলীয় প্রতীকে ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচন সবচেয়ে কম সময়ের মধ্যে সম্পন্ন করতে চাচ্ছে ইসি।

তিনটি পদের জন্য তিন রঙের ব্যালট পেপার থাকবে। মেয়র পদে নিবন্ধিত ৪০ দলই দলীয়ভাবে অংশ নিতে সুযোগ পাবে। তবে প্রার্থী মনোনয়নকারীর নাম তফসিলের ৫ দিনের মধ্যে জানাতে বিধান করা হয়েছে। অন্যদিকে, স্বতন্ত্রপ্রার্থীর ১০০ ভোটারের সমর্থন প্রয়োজন, ইসির একটি সূত্র এসব তথ্য জানিয়েছে।

এমএইচ