প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট ও শেয়ার করায় তথ্য প্রযুক্তি আইনের মামলায় রফিক মোল্লা নামে এক যুবককে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

তার বাড়ি রাজবাড়ি জেলায়। শনিবার রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের শান্তিপাড়ার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে বালিয়াকান্দি থানা পুলিশ। 

পুলিশ জানায়, রাজবাড়ি জেলার লক্ষণদিয়া গ্রামের কবির মোল্লার ছেলে রফিক মোল্লা তার নিজ আইডি থেকে প্রধানমন্ত্রীরে দুটি ছবি বিকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ও শেয়ার করে।

এ ঘটনায় শনিবার সকালে জামালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম মোড়ল বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের করেন। এ মামলার পরই পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে। 

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক দিপন কুমার মন্ডল জানান, মামলা দায়ের হবার খবরে রফিক মোল্লা নিজ এলাকা থেকে গা ঢাকা দিয়ে শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গায় চলে যায়। গোপন সংবাদে খবর পেয়ে শনিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান, গ্রেফতারের পর রাতেই তাকে নিয়ে রাজবাড়ি রওনা হয়েছে বালিয়াকান্দি থানা পুলিশ।

এমএনজে