রাজধানীতে পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএন’র সমন্বয়ে গঠিত যৌথ অভিযানের সময় বাড়ানো হয়েছে। সম্প্রতি শেষ হওয়া এ যৌথ অভিযানের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার নির্দেশে অভিযানের মেয়াদ বাড়ানো হয়েছে।

এ ছাড়া রাজধানীতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করছে তাদের প্রতিরোধ এবং এদের অর্থের যোগানদাতাদের চিহ্নিতের মাধ্যমে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, তবে এ অভিযানে জনগণের আস্থা ধরে রাখার জন্যও কাজ করতে হবে। এ জন্য সমাজের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশ সদস্য ও বিট পুলিশকে কাজে লাগানোর পরামর্শও দেওয়া হয়। একইসঙ্গে সন্ত্রাসী কার্যকলাপ যারা পরিচালনা করছে তাদের তথ্য দিয়ে ধরিয়ে দিতে পারলে ঘোষিত পুরস্কার সম্পর্কে সবাইকে আবারও অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বলেন, ‘রাজধানীতে অবরোধ-হরতালকে কেন্দ্র করে নাশকতা রোধে যৌথ অভিযান শুরু করা হয়। রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ যৌথ অভিযান অব্যাহত থাকবে।’

জেএ