রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে আহত আবু হেনা মোস্তফা কামাল (৪১) মারা গেছেন।

আজ শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাঁর মৃত্যু হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

মোস্তফা কামালের বাবার নাম আবদুল মতিন। তার বাসা ২৩৩, কচুক্ষেত, পুরান বাজার ভাষানটেকে। তিনি এফআর টাওয়ারের ১১তলার ট্রাভেল এজেন্সি হেরিটেজ এয়ার এক্সপ্রেসে সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন।

এনিয়ে এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল। গত বৃহস্পতিবার ওই বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫২ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রচেষ্টায় বিকাল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত ও ৭০ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

সূত্র জানায়, ভবনটিতে দ্যা ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।

এএস