বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বহুমুখী সহযোগিতায় গুরুত্ব
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান ফরাসি রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্ব ও অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, বেসামরিক বিমান চলাচল, শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান।
বাংলাদেশে ফরাসি বিনিয়োগের আহ্বান
বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি ও ওষুধশিল্পসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বৈধ ও নিয়মিত শ্রমিক চলাচলের সুযোগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথাও জানান তিনি।
জাতিসংঘ ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে দুই দেশের অগ্রাধিকার ও প্রত্যাশা নিয়েও মতবিনিময় করেন তারা।
পাশাপাশি জলবায়ু পরিবর্তন, বহুপাক্ষিক সম্পৃক্ততাসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক ফোরামগুলোতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।
রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা
বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার জন্য ফ্রান্সের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করা হয়।
ফরাসি রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে ফ্রান্সের প্রস্তুতির কথা জানান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষই আশা প্রকাশ করে, অব্যাহত যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক আরও গতিশীল হবে।
এস





