নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আলাল মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

শুক্রবার সকালে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

নিহত আলাল মিয়া উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামের মহিদুর মিয়ার ছেলে। তিনি একটি মুদি দোকানের মালিক।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরেনি আলাল। শুক্রবার সকালে দড়ি বিশনন্দী গ্রামে নিজ বাড়ির অদূরে একটি বাড়ির উঠান থেকে আলালের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়না তদন্তের জন্য মরদেহ ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেন ওসি।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ