যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের বাড়ির সামনে বোমা হামলা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ১১টার দিকে শহরের ঘোপ নওয়াপাড়া রোডে এ ঘটনা ঘটে।

ঘটনার কিছু সময় আগে মিলন অভয়নগরে দলীয় কর্মসূচি থেকে ফিরে বাড়ি সংলগ্ন অফিসে বসেছিলেন বলে জানা গেছে।

আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মিলন বলেন, আমি অভয়নগরে দলীয় কর্মসূচিতে ছিলাম। রাত ১১টার দিকে বাড়ির কাছে অফিসে এসে বসি।

এ সময় প্রায় ২০ গজ দূরে বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। বোমাটি স্প্লিন্টারে পূর্ণ ছিল। এর আঘাতে আশপাশের বাড়িঘরের টিন ক্ষতিগ্রস্ত হয়। তবে কে বা কারা বোমা হামলা করেছে তা তিনি জানেন না বলে জানান।

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার আককাছ আলী জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানান।

এআর