যশোরে বাসের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার ভোর ৫টার দিকে যশোর-মাগুরা সড়কের খাজুরা পুলিশ ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম কৃষ্ণ পদ ঘোষ (২০)। তিনি যশোর বাঘারপাড়া উপজেলার খাজুরা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
খাজুরা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মাসুদ হোসেন জানান, যশোর-মাগুরা সড়কে রাতের দায়িত্ব পালন শেষে ফাঁড়িতে ফেরার সময় মোটরসাইকেল আরোহী কৃষ্ণ পদকে বেপরোয়া গতিতে চলা সোহাগ পরিবহণের একটি বাস চাপা দেয়। এতে কৃষ্ণ পদ গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার ২০ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ দিকে মোটরসাইকেলকে চাপা দিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের ফসলের জমিতে নেমে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
নিহত কৃষ্ণ ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহাবাগপুর গ্রামের শিবু পদ ঘোষের ছেলে।
কেএইচ





