সিলেটে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছেন শিবিরের এক কর্মী। এছাড়া, শিবিরনিয়ন্ত্রিত একটি মেসেও তারা হামলা চালিয়েছে। এ সময় ওই মেসসহ একটি ফার্মেসি ভাঙচুর করা হয়। হামলার সময় গুলির শব্দ শোনা গেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে সিলেট নগরীর বালুচরে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের দাবি, শিবির ক্যাডাররা হামলা করতে এলে তারা প্রতিরোধ করেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, "মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বালুচরস্থ এমসি কলেজ ছাত্রাবাসের পাশে ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মী মিলে আড্ডা দিচ্ছিল।

এ সময় ওই রাস্তা দিয়ে তিনটি মোটরসাইকেলে নয়জন শিবির কর্মী হরতালের সমর্থনে স্লোগান দিয়ে যাচ্ছিলেন। এমসি কলেজ ছাত্রাবাসসংলগ্ন পানি ট্যাংকের কাছে আসার পর ছাত্রলীগ নেতা-কর্মীরা শিবির কর্মীদের ওপর হামলা চালান।

এ সময় এক শিবির কর্মী মোটরসাইকেল থেকে পড়ে গেলে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাকে কুপিয়ে আহত করেন। পরে শাহপরান থানার পুলিশ এসে ওই শিবির কর্মীকে উদ্ধার করে নিয়ে যায়।"

পুলিশ আহত শিবির কর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর ছাত্রলীগ নেতা-কর্মীরা মিছিল বের করেন। তারা মিছিল নিয়ে বালুচরস্থ রিফাত কমপ্লেক্স ও পার্শ্ববর্তী একটি ফার্মেসিতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। রিফাত কমপ্লেক্সের মালিক এক জামায়াত নেতা ও ওই বাসায় শিবিরের নেতা-কর্মীরা মেস করে থাকেন বলে জানা গেছে। হামলার সময় চার রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, মিছিল বের করার সময় শিবিরের এক কর্মীকে ছাত্রলীগ মারধর করেছে।

ইআর