মাগুরার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার সকালের এ সংঘর্ষের সময় কমপক্ষে ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

আহত ১৫ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিন্দাইন গ্রামের আসাদ মুন্সি জানান, সিন্ধাইন গ্রামের ওলিয়ার মিয়া ও রান্নু মোল্যার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে রান্নুর সঙ্গে ওলিয়ার গ্রুপের সুরুজ মিয়ার কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। এ সময় ১০টিরও বেশি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মইনুদ্দিন (৬৫), শওকত (৫৫),ওলিয়ার (৫৫),শুকুরন নেছা (৫০), জিয়াউল (৫০), রতন (৪৫), আসিয়ার (৪০), মোতালেব (৪০),বাদশা (৩৮),মো. মুরাদ হোসেন (৩৬),রহিমা খাতুন (৩৫),মো. জিয়ারুল (৩৫),উজ্জল মিয়া (৩০),সাদ্দাম (২৫) ও সালমানকে (১৯) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মুরাদ ও মোতালেবকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) নিকুঞ্জ কুমার কুণ্ডু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ