চাঁদপুর নৌ-বন্দর থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে যাতায়াতকারী সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে চাঁদপুর নদীবন্দর কর্তৃপক্ষ।
মেঘনা ও পদ্মা নদীতে প্রচণ্ড খরস্রোত, ঢেউ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চাঁদপুর নৌ-বন্দরকে ২ নম্বর নৌ বিপদ সংকেত দেখানো হয়েছে। এ কারণে নদীপথের সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ রাখা হয়েছে।
রোববার দুপুর থেকে নৌযান চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-বন্দরের দায়িত্ব থাকা কর্মকর্তা উপ-পরিচালক (নদীবন্দর, চাঁদপুর) মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া পরিবর্তন ও চাঁদপুর নৌ সীমানায় ২ নম্বর নৌ বিপদ সংকেত দেখানোর কারণে, ঢাকা নৌবন্দরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুপুর থেকে চাঁদপুর হতে দেশের কোথাও কোনো নৌযান ছেড়ে যায়নি। দুপুর ২টা থেকে এ পথে যাতায়াতকারী সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
কেএইচ





