রংপুরে জেলা কারাগার পুলিশের গাড়ির ধাক্কায় রিকশাভ্যানে থাকা মা-ছেলেসহ ৬ জন নিহত হয়েছেন। এর পর পর ক্ষুব্ধ জনতা ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
সোমবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে রংপুরের পাগলাপীর এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ লোকজন মহাসড়কে অবস্থান নেওয়ায় ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রংপুরের কোতোয়ালি থানার পুলিশ জানায়, আজ সন্ধ্যায় পাগলাপীরের ঠাকুরপাড়ায় কারা পুলিশের একটি পিকআপ ভ্যান পেছন দিক থেকে যাত্রীবাহী একটি রিকশাভ্যানকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের ৫ জন যাত্রী নিহত হন। আহত ১ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠে জনতা। তারা কারা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলের দিকে রওনা দেয়। তবে লোকজনের ভিড়ের কারণে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুলিশের গাড়িটি পুড়ে যায়।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, কারা পুলিশের ওই গাড়িটি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এক কারা কর্মকর্তাকে পৌঁছে দিয়ে রংপুর কারাগারে ফিরছিল। তবে ঘটনার সময় ওই গাড়িতে কেউ ছিলেন কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ কারা পুলিশের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে।
তাঁরা হলেন, আইরিন আক্তার (৩৫), তাঁর ৬ বছরের ছেলে সাজ্জাদ, আলীম উদ্দিন (৬৫), ধনঞ্জয় রায় (৩৩) ও সবিল হাজী (৬৫)। তাঁদের সবার বাড়ি রংপুরে।
এমবি





