পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ১০ বছর আগে তিস্তা চুক্তির পাতায় পাতায় সই হয়েছে। তিনি আরও বলেন, “ভারত সরকার আমাদের বার বার বলছে আগে যে চুক্তিটা হয়েছে সেটিকে তারা সম্মান করবে। তারা এটি গ্রহণ করে এবং তার থেকে কোনও ব্যত্যয় হয়নি।”
কী কারণে তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি সেটিতো আমরা সবাই জানি, বলে উল্লেখ করেন তিনি।
শনিবার (১৩ মার্চ) নিজ দফতরে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এইসব কথা বলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, “এবারে উনার আগমনের প্রধান কারণ হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব।”
ভারতের সঙ্গে ইস্যুগুলো কী তা আমরা জানি এবং তারা কতদূর করতে পারবে সেটি আমরা জানি ও তারাও জানে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতের সঙ্গে আমাদের প্রতিদিন আলোচনা হয়। তাদের পররাষ্ট্রমন্ত্রী আসলেন। এছাড়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ এমন মন্ত্রণালয়গুলোর সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে।”
তিনি বলেন, এখন পর্যন্ত যা আলোচনা হয়েছে এবং মোটামুটি সম্মত হয়েছে, সেটি যেন বলবৎ থাকে এবং বাস্তবায়নে কোনও অসুবিধা না হয় তার জন্য হয়তো প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তুলে ধরতে পারেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে।
এমবি





