কুয়েত গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষা হবে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ)। আজ জাতীয় সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্বান্ত অনুযায়ী কুয়েত গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে আগামী শনিবার ৭ই মার্চ সকাল ৯টায়।

উল্লেখ্য, সম্প্রতি কুয়েত সরকার কুয়েতে প্রবেশের পূর্বশর্ত হিসেবে বাংলাদেশ সহ কয়েকটি দেশের নাগরিকদেরকে স্বাস্থ্য পরীক্ষা করে ‘তারা কভিড-১৯ আক্রান্ত নন’ - এ মর্মে চিকিৎসা সনদ সংগ্রহ করতে নির্দেশনা দিয়েছে।

সে শর্ত পূরণ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর এ ব্যবস্থা গ্রহণ করেছে। কুয়েত গমনেচ্ছু যাত্রীদেরকে তাদের পাসপোর্ট, বিমানযাত্রার টিকেট এবং তার ফটোকপি আনতে হবে। যে সব যাত্রী আগে যাত্রা করবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা আগে হবে।

জাতীয় সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আজ স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, আইইডিসিআরএর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক প্রফেসর ডা. শাহনীলা ফেরদোসী, হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল হাসান প্রমুখ।