স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম মহাখালীসহ রাজধানীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন হাসপাতাল সংলগ্ন বস্তি, অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ কার্যক্রম দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ নির্দেশ দেন তিনি।
অভিযান সফলভাবে সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, জেলা ও পুলিশ প্রশাসন, সংশ্লিষ্ট হাসপাতাল ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষসহ স্থানীয় জনগণের সহায়তা কামনা করেন।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, সরকারি জায়গায় অবৈধ দোকান-পাট ও স্থাপনা গড়ে তোলা দীর্ঘদিনের প্রবণতা। বড় বড় অপরাধ চক্র এর পিছনে কাজ করে। গরীব জনগণকে ব্যবহার করে এসব বস্তি ও স্থাপনা গড়ে তুলে এবং এর মাধ্যমে বিভিন্ন অপরাধ সংঘটন করাই এদের মূল লক্ষ্য।
তিনি বলেন, যারা এসব অবৈধ বস্তি ও স্থাপনার সাথে জড়িত তারা অপরাধী। এসব স্থানে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ঢাকা শহরের পরিবেশ দূষণেও এই স্থাপনাগুলো দায়ী। তিনি বলেন, এই চক্র ভেঙ্গে দিয়ে একটি নান্দনিক ও সৌন্দর্যময় রাজধানী গড়ে তুলতে উচ্ছেদ অভিযান সফল করতে হবে।
তিনি বলেন, মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন ১০০ একরের মধ্যে অধিকাংশ জমিই বেদখল এবং বিভিন্ন দোকানপাট ও স্থাপনায় বেষ্টিত থাকায় স্বাস্থ্য সেবা দেয়ার পরিবেশ নেই।
তিনি উচ্ছেদ অভিযানের পর পুনরায় যাতে কেউ স্থাপনা গড়ে তুলতে না পারে সেলক্ষ্যে নিয়মিত পুলিশী টহল পরিচালনার জন্য পুলিশ প্রশাসনের সাহায্য কামনা করেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা ও পুলিশ প্রশাসন এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন হাসপাতালের পরিচালকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





