আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাকিব হাসান তরফদারের কাছে নেতাকর্মীরা এ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ কবির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, শেখ ফজলুর রহমান মারুফ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বসার খায়ের, টুঙ্গিপাড়া পৌরমেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাবেক পৌরমেয়র ইলিয়াস হোসেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র জয়ধর প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের নেতারা টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন। পরে তারা শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দিতে যান।
টুঙ্গিপাড়া উপজেলার একটি পৌরসভা ও ৫টি ইউনিয়ন এবং কোটালীপাড়া উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গোপালগঞ্জ-৩ আসন। এ আসনে গতবারও এমপি হন শেখ হাসিনা।
অবশ্য দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশে আসার পর ১৯৮৬ সাল থেকে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন তিনি।





