বিশ্ব ইজতেমা মাঠ ও আপপাশ এলাকায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পকেটমার ও ছিনতাইকারীসহ নানা অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে।
এদের মধ্যে টঙ্গী থানা পুলিশ ১৪ জনকে এবং র্যাব সদস্যরা তিনজনকে আটক করে।
টঙ্গী থানার ডিউটি অফিসার মালেকা বেগম জানান, শুক্রবার রাত থেকে শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ইজতেমা ময়দান এবং এর আশপাশ এলাকায় অভিযান চালিয়ে পকেটমার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে ১৪ জনকে আটক করা হয়েছে।
এদিকে র্যাব-১ অ্যাডজুটেন্ট সিনিয়র এএসপি কামরুল হাসান জানান, ইজতেমা ও আশপাশ এলাকা থেকে তিন পকেটমার-ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
এর আগে ভ্রাম্যমাণ আদালত ইজতেমা মাঠের আশপাশ এলাকায় শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে খাদ্য দ্রব্য আইনে ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুত, সংবক্ষণ ও বিক্রির অপরাধে ১০টি মামলা এবং ১৩ হাজার টাকা জরিমানা করে।
এ ছাড়া গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে লাগানো বিভিন্ন ব্যানার, ফেস্টুন, সিনেমার অশ্লীল পোস্টার উচ্ছেদ করা হয়েছে।
কেএইচ





