ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পূজা মন্দিরের ভিতরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া সার্বজনীন পূজা মন্দিরে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে আগুনে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ ব্যাপারে কুলবাড়িয়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি নিত্যগোপাল বলেছেন, রাত ১১টার দিকে দুর্বৃত্তরা বাইরে থেকে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। টের পেয়ে তারা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে মন্দিরের ভিতরে বেশকিছু পূজার সামগ্রী পুড়ে গেছে। তারা মামলার প্রস্তুতি নিয়েছেন।
পূজা উদযাপন কমিটির সদস্য রঞ্জিত কুমার পাল জানান, রাত ৯টা পর্যন্ত তারা মন্দিরে ছিলেন। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরেই আগুন দেওয়ার খবর পেয়ে মন্দিরে এসে আগুন নিভিয়ে ফেলেন। আগুন দেওয়ার কোনো কারণ তারা বলতে পারছেন না। আগুনে প্রায় ২০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
বৃহস্পতিবার সকালে হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান এমএ মজিদ, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আমিনসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কারা, কেন আগুন দিয়েছে তদন্ত শেষে জানা যাবে বলে নির্বাহী অফিসার জানান।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





