চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটে শনিবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে কখন পুনরায় ফেরি চলাচল শুরু হবে তা ঠিক নেই।
জানা যায়, শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের ফেরির পল্টুনের র্যাম ভেঙে যাওয়ায় শনিবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাড়ে দুই শতাধিক বাস-ট্রাকসহ যানবাহন আটকা পড়েছে। ওই রুটে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।
এদিকে চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিসের ব্যবস্থাপক মো. ইমরান সাংবাদিকদের জানান, শনিবার ভোর ৫টার দিকে হঠাৎ করে নরসিংহপুর ঘাটের পল্টুনের র্যাম ভেঙে যায়। ফলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, ফেরির পল্টুনের র্যাম ভেঙে গেছে। আর এটা মেরামত করতে কমপক্ষে ৩ দিন লাগবে।
বিষয়টি বিআইডব্লিউটিএর উপ-পরিচালক আ. রহিমকে জানানো হলে সকাল থেকেই মেরামত কাজ শুরু হয়। মেরামত কাজ শেষ হতে কমপক্ষে ৩ দিন লাগবে বলে জানান তিনি।
পরিবার নিয়ে সেখানে আটকা পড়া খুলনার বাসযাত্রী বশির উদ্দিন এবং আবদুল করিম ফেরি চলাচল বন্ধের ফলে দুর্ভোগের কাহিনী সাংবাদিকদের জানান।
শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে আটকা পড়া গরুবাহী ট্রাকের চালক অবদুল আলীম সাংবাদিকদের জানান, গত শুক্রবার সকাল থেকে ঘাটে তিনি আটকা পড়ে আছেন।
ঢাকা,একে, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





