স্বাস্থ্য সেবা আরো দ্রুত ও উন্নত করতে সরকার রাজধানীর মিরপুর, উত্তরা ও যাত্রাবাড়ি-ডেমরা এলাকায় আরও তিনটি হাসপাতাল নির্মাণের চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মো. নাসিম বলেন, ঢাকা এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালসহ সব সরকারি হাসপাতালে শয্যা সংখ্যার তুলনায় দ্বিগুণ বা তিনগুণ রোগী থাকেন। সীমিত সম্পদ নিয়ে হাসপাতালগুলো সেবা দিচ্ছে। সে কারণে রাজধানীর যেসব সংসদীয় এলাকায় হাসপাতাল নেই সেখানে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোনো হাসপাতালের সামনে কোরবানির পশুর হাট না বসানোর আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ রাজধানী ঢাকার সব জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাংসদ সাহারা খাতুন, হাবিবুর রহমান মোল্লা, কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা, আসলামুল হক, হা​জি সেলিম, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হকসহ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক এবং ঢাকা সিটি করপোরেশনের প্রতিনিধিরা।

এআই