অগ্নিসংযোগ করে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করায় বাদীর ছেলেকে অপহরণ করেছে আসামি পক্ষ। আর টাকা-পয়সা না থাকায় পাঁচ মাসেও সন্ধান মিলিনি অপহূতের।

গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী ছমিরন বেগম বাংলানিউজকে এমনই অভিযোগ করেন।

ছমিরন বেগম জানান, জমি-জমা নিয়ে প্রতিবেশী ইয়াকুব আলী, মো. কামরুল, মো. ইব্রাহিম, এমারত হোসেন, মো. আলীম গংদের সঙ্গে বিরোধ ছিল। চলতি বছরের ১২ মার্চ রাতে আসামিরা ছমিরন বেগমের দোকান ও বাড়িতে অগ্নিসংযোগ করে ও লুটপাট চালায়। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা করা হয়। মামলা করার পর আসামিরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। আসামিদের ভয়ে ছমিরন থানা ও আদালতে একাধিক মামলা করেন।

চলতি বছরের ৩ জুলাই রাত ৮টার দিকে তার ছেলে মো. সোহাগ (২৫) গাজীপুর সদরের চান্দনা চৌরাস্তা থেকে অপহূত হন। ওই ঘটনায় প্রথমে আদালতে ও পরে আদালতের নির্দেশে জয়দেবপুর থানায় মামলা হয়। মামলায় আসামি ইব্রাহিম ও আলিম বর্তমানে জেল হাজতে রয়েছেন।

ছমিরনের অভিযোগ, তার কাছে টাকা-পয়সা নাই। তাই পুলিশ মামলাটির তদন্ত ও ওই যুবককে উদ্ধারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। পুলিশের নীরবতার ফলে আসামি পক্ষ বাদীকে অপহরণের হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে জয়দেবপুর থানার এসআই মো. শামীম জানান, ভিকটিম উদ্ধারের চেষ্টা চলছে।

এএইচ