পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম লাবলুকে (৩৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার গভীররাতে পাকশী লালন শাহ সেতু ও পাকশী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
লাবলু ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামের মৃত ঝড়ু মণ্ডলের ছেলে।
এলাকাবাসী জানান, রাত ১২টার দিকে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি কাজ শেষে লাবলু মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে পাকশী রেলওয়ে স্টেশনের কাছে রাস্তায় দড়ি বেঁধে তার মোটরসাইকেল ফেলে দেয় দুর্বৃত্তরা। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে রাস্তায় ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা।
পথচারী মারফত খবর পেয়ে লাবলুর আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাবলুর মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইন চার্জ (ওসি) বিমান কুমার দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলেও জানান তিনি।
এদিকে, যুবলীগ নেতা লাবলু হত্যাকাণ্ডের প্রতিবাদে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। রূপপুর পাকার মোড়ে ব্যারিকেড দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





