নোয়াখালীতে প্রথম ব্যক্তি হিসেবে করোনার টিকা নেবেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।
আজ (০৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার একরামুল করিম চৌধুরী নিজেই গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ০৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় নোয়াখালীতে তিনি প্রথম করোনার টিকা নেবেন। এরইমধ্যে তিনি সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন।
একরামুল করিম চৌধুরী বলেন, আগে সমাজের ফ্রন্ট ফাইটার হিসেবে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, মুক্তিযোদ্ধারা করোনার টিকা নিলে এরপর সাধারণ মানুষও নেয়া শুরু করবে। সে লক্ষ্যে তিনি সবার আগে এ টিকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সিভিল সার্জন ডা. ইফতেখার মাসুম বলেন, জেলায় প্রথম ব্যক্তি হিসেবে একরামুল করিম চৌধুরী করোনার টিকা গ্রহণ করে তারা আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন। এরপর কারা কারা টিকা গ্রহণ করবেন তারও একটি তালিকা প্রস্তুতের কাজ চলছে।
তিনি আরও জানান, প্রথম ধাপে ১০ হাজার ৪০০ ভায়াল বা এক লাখ চার হাজার ডোজ ভ্যাকসিন নোয়াখালীতে গত ৩১ জানুয়ারি এসে পৌঁছেছে। ভ্যাকসিনগুলো নির্ধারিত ইপিআই সেন্টারের কোল্ডস্টোরে রাখা হয়েছে।
গোটা জেলায় ১০টি কেন্দ্রে এ টিকা দেয়া শুরু হবে। এর জন্য ২৭টি টিম গঠন করা হয়েছে। এর মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে আটটি বুথ ও পুলিশ হাসপাতালেও একটি বুথ করা হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও দুটি বুথ করা হয়েছে।
এমবি





