পেট্রোল বোমা মেরে মোটরযান শ্রমিক হত্যাকারীদের ‘জাতীয় শত্রু ’ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্য মন্ত্রী ড. মোহাম্মদ হাসান মাহমুদ।
সোমবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ মটর চালক লীগ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।
হাসান মাহমুদ বলেন, বিএনপি জামায়াত অবরোধ হরতালের নামে প্রায় ১০০ জন মটর চালক ও শ্রমিককে পেট্রোল বোমা ও আগুন দিয়ে ঝলসে হত্যা করেছে। পরবর্তীতে এমন হামলাকারীদের এভাবেই ছেড়ে দেয়া হবে না। তাদের বোমার আগুনে তাদেরকেই ঝলসে দেয়া হবে।
এছাড়া দেশ ও উন্নয়ন বিরোধী এমন রাজনৈতিক দল যেন আর কখনো ক্ষমতায় আসতে না পারে সেদিকেও মটর শ্রমিকদের সজাগ দৃষ্টি রাখতে বলেন তথ্যমন্ত্রী।
বাংলাদেশ আওয়ামী মটর শ্রমিক লীগের সভাপতি মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের উপদেষ্টা আব্দুল আওয়াল শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আব্দুল আওয়াল শামীম বলেন, জননেত্রী শেখ হাসিনা নিজের হাতে ২০০৪ সালের ২৮ জানুয়ারি এই মটর চালক লীগ প্রতিষ্ঠা করেন। তিনি সবসময়ই চালক ও শ্রমিকদের পাশে ছিলেন এবং এখনো আছেন। তার শাসনামলে নিম্ন আয়ের মানুষদের জীবনযাত্রার মানের অনেক উন্নয়ন হয়েছে এবং এই উন্নয়ন অব্যাহত থাকবে।
এসএম





