সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর সভামঞ্চের পাশ থেকে অস্ত্রসহ আটক করার কয়েক ঘণ্টার মধ্যে যুবলীগের এক নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ। কামরুল হাসান ওরফে টুটুল নামের ওই যুবক নিজেকে যুবলীগের ঢাকা মহানগরের আদাবর থানার যুগ্ম আহ্বায়ক বলে দাবি করেছেন। রাত সাড়ে নয়টার দিকে তাঁকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
শাহবাগ থানার ডিউটি অফিসার শাহীন বলেছেন, টুটুলের অস্ত্রটি বৈধ। তবে যেহেতু অস্ত্র নিয়ে সমাবেশস্থলে যাওয়ার নিয়ম নেই, তাই তাঁকে আটক করা হয়।
যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খান বলেন, ‘আমি খোঁজ নিয়ে দেখেছি টুটুল মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি ছিল। যুবলীগের মিছিল-মিটিংয়ে আসে। তবে সে যুবলীগের আদাবর থানার কোনো পদে নেই।’
শোক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





