প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাথমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। দেশের সকল বিদ্যালয় ডিজিটাল করা হবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একটা বিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু গড়ে তুলছিলেন। এর মাঝেও তিনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করি। শিক্ষা মৌলিক অধিকার। ২০০৮ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন ২৬১৯৩ টি বেসরকারি স্কুল-কলেজকে সরকারিকরণ করেছি। ৭২ সালের পর আর কেউ এটা করেনি।
‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’- প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে।
সকাল সড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন।
সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ।
আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এমকে





