ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে জানান, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৭৬ জন ভারতীয় নাগরিক ভারতে ফিরে এসেছেন। এর আগে ২০২৫ সালে বহিষ্কারের মাধ্যমে আরও ৩ হাজার ৫৬৭ জন ভারতীয়কে দেশে পাঠানো হয়েছিল।
তিনি বলেন, কোনো দেশের নাগরিক বিদেশে অবৈধভাবে অবস্থান করলে তাকে নিজ দেশে ফিরিয়ে নেওয়া সংশ্লিষ্ট রাষ্ট্রের দায়িত্ব। তবে প্রত্যাবাসনের আগে সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্ব নিশ্চিত করা প্রয়োজন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে দেশটির পার্লামেন্টকে জানিয়েছিল, এটি শুধু ভারতের অবস্থান নয়; আন্তর্জাতিক অঙ্গনেও এটি একটি স্বীকৃত ও প্রচলিত নীতি।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করা কিংবা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের মতো কারণে যেসব ভারতীয় নাগরিকের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় ভারত ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান গ্রহণ করেছিল, যা পরবর্তীতেও আলোচনার বিষয় হয়ে রয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এস