পদ্মা সেতুতে শিশু বলি দিতে হবে, যারা পদ্মা সেতু চায়নি তারাই গুজব ছড়িয়েছে বলে মন্তব্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (২৪ জুলাই) দুপুরে নিজ দফতরে গুজব নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব বলেন।
তথ্যমন্ত্রী বলেন, এই গুজব ছড়ানোর পর কতগুলো নিরীহ প্রাণকে হত্যা করা হয়েছে! যারা এগুলো ঘটিয়েছে, সবগুলো হত্যাকাণ্ড যারা করেছে, তারা সবাই হত্যা মামলার আসামি। সরকার তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
তিনি বলেন, এধরনের গুজব যাতে ছড়াতে না পারে সেজন্য সরকার নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেছে। ঘটনার সূত্রপাত হচ্ছে সেখানে, যখন পদ্মা সেতুতে শিশু বলি দিতে হবে বলে গুজব ছড়ানো হয়। সেটির প্রেক্ষিতে ডালপালা ছড়িয়ে ছেলে ধরা আতঙ্ক তৈরি করা হয়। ছেলে ধরা বলে অনেকের ওপর হামলা করা হয়েছে, অনেককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত অনভিপ্রেত, দুঃখজনক, ন্যাক্কারজনক, আইন বহির্ভুত। এভাবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না।
হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতুতে শিশুকে বলি দিতে হবে বলে যে গুজব ছড়ানো হয়, সেটির কারণে আতঙ্ক তৈরি হয় এবং তৈরি করানো হয়। তারাই গুজব ছড়িয়েছিল যারা পদ্মা সেতু চায় না। যারা বলেছিল- এই সরকার পদ্মা সেতু করতে পারবে না। দেশের উন্নয়ন যারা চায় না তারাই পদ্মা সেতুতে শিশু বলি দিতে হবে বলে গুজব ছড়িয়েছে।
গুজব ছড়ানোর অভিযোগে এরই মধ্যে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের অনেকেরই রাজনৈতিক পরিচয় জানা গেছে। তদন্তের জন্য তাদের পরিচয়ের বিষয়ে বিস্তারিত বলতে চাননি মন্ত্রী।
তিনি বলেন, গুজব ছড়ানোর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তথ্য মন্ত্রণালয় থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রেডিও-টিভিতে প্রচার করা হচ্ছে। সবাইকে অনুরোধ জানাব, এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য। এখন পর্যন্ত ছেলে ধরার একটি ঘটনাও সত্য প্রমাণিত হয়নি। এ ধরনের কাজ যাতে কেউ না করে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানাই।
এসএম





