মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ে নবনির্মিত মাওয়া নদীবন্দরের (শিমুলিয়া-রানীগাঁও) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি রোববার দুপুর ১টায় এটির উদ্বোধন করেন। এলক্ষ্যে বিআইডব্লিউটিএ এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াছমিন এমিলি, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌ-পুলিশের ডিআইজি মনিরুজ্জামান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, লৌহজং উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি কালন, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. রশিদ সিকদার প্রমুখ।

নৌ-মন্ত্রী বলেন, পদ্মাসেতু হয়ে গেলে এপার আর ওপারের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই একাকার হয়ে যাব। এ এলাকায় যারা জমি দিয়েছেন, এখনো যারা টাকা বুঝে পাননি, আমি বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে বলব, তাদের পাওনা দ্রুত বুঝিয়ে দেওয়ার জন্য। খুব শিগগিরই আমরা এ ঘাটে ১১টি ড্রেজার সবসময়ের জন্য রাখব।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে দুর্নীতি হ্রাস পেয়েছে। এ সেতুর জন্য কারো কাছে হাত পাতেননি, কারো কাছে ভিক্ষার জন্যও যাননি। নিজস্ব অর্থায়নেই পদ্মাসেতু হচ্ছে। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘কু-কর্ম ছেড়ে সু-কর্মে ফিরে আসেন।’

জেআই