এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের লন্ডন থেকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি ফলাফলের সারসংক্ষেপ প্রকাশের আগে তিনি এ শুভেচ্ছা জানান।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমানের ফল ঘোষণা শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত একটি বাণী পড়ে শোনান। প্রধানমন্ত্রী একটি সফরে এখন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। লন্ডনের স্থানীয় সময় তখন প্রায় ভোর পৌনে ৬টা।
বাণী পড়া শেষ হওয়ার পরপরই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফল প্রকাশের লিখিত বক্তব্য পাঠের দিকে মনোযোগ দেন। এমন সময় হঠাৎ ডা. দীপু মনির ব্যক্তিগত মোবাইল ফোনের রিংটোন বেজে ওঠে। মন্ত্রী ফোনের দিকে তাকিয়ে পুরো হলের সবাইকে চুপ করার ইঙ্গিত দেন, তারপর ফোনটি রিসিভ করেন।
অপর প্রান্ত থেকে লাউড স্পিকারে ভেসে এলো প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর। লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষামন্ত্রীর মাধ্যমে ফোনে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি অনুত্তীর্ণ শিক্ষার্থীদের মনোবলকে আরো শক্ত করে আগামীর জন্য প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী ফোনে বলেন, ‘এখানে এখন অনেক ভোর। আমি আনন্দমুখর এ সময়টির জন্যই অপেক্ষা করছিলাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি ফল ঘোষণার এ মুহূর্তটিতে অংশ নিয়ে আসছি। লন্ডনে থাকায় এবার আমি ফল ঘোষণার সময় উপস্থিত না থাকতে পারলেও আপনাদের সঙ্গেই আছি।’
আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, ‘যারা পাস করেছ, তোমাদের সবাইকে অভিনন্দন। অভিভাবকদের প্রতিও আন্তরিক অভিনন্দন রইল।’
এবার ভালো ফলের জন্য প্রধানমন্ত্রী দেশবাসী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালক এবং শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অভিনন্দন ও ধন্যবাদ জানান।
এএস





