কুষ্টিয়ায় পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে তামিম নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬জুন) বেলা ১টার দিকে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। নিহত তামিম  ভেড়ামারার নওদাপাড়া ক্লিকমোড় এলাকার সেলিম সর্দ্দারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, দুপুরে শিশু তামিম বাড়িতে খেলা করছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। পারিবরিক সূত্র জানায়, ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে সবার অগোচরে তামিম বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। এতেই তার মৃত্যু হয়।

এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহন আলী (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, সকালে ফিলিপনগর এলাকায় পদ্মা নদীতে বাঁধ নির্মাণের ব্লক তৈরি করার সময় অসাবধানতাবশত বৈদুতিক মটরের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

এমই/সবুজ