বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দ্বিতীয় বারের মত ১ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ( ৮ই মার্চ) সকালে নুর আহম্মদ সড়কের দলীয় কার্যালয় নাসিমন ভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবুল হাশেম বক্কর।
শামীম বলেন, সরকার যে আশায় বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে সে আশা কখনো পূরণ হবে না। বাংলাদেশে খালেদা জিয়াকে ছাড়া কোন নির্বাচন হবে না। দেশের সাধারণ মানুষ গণ আন্দোলনের মাধ্যাে খালেদা জিয়াকে মুক্ত করে আনবে।
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি সরকারের পছন্দ হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ চেয়েছিলো বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপির নেতা কর্মীরা গাড়ী ভাঙচুর করুক। আর এই সুযোগে আওয়ামী লীগ গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে দোষ চাপাত বিএনপির উপর। বিএনপি রায় ও সাজাকে কেন্দ্র করে কোন সহিংস আন্দোলন করেনি তাই সরকারি দল হতাশ।
নগর বিএনপির সাধারন সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সরকার বিএনপির উপর যতই নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, ততই বিএনপির জনপ্রিয়তা বাড়ছে।
বেগম জিয়াকে কারাগারে পাঠিয়ে তার জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিয়েছে।সরকার মামলার রায়ের পরের দিন থেকে সারাদেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করলেও বিএনপি নেতাকর্মীরা অবিচলভাবে পরিস্থিতি মোকাবেলা করেছেন।
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান বলেন... হাজার হাজার নেতাকর্মী নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন।সরকারের মারমুখী ভূমিকার বিপরীতে বিএনপি নেতাকর্মীদের দৃঢ় এবং অবিচল অবস্থান সাধারণ মানুষের মাঝে বিএনপির প্রতি সাধারন মানুষের আস্থা ও ভালবাসা বেড়েছে।
তিনি বলেন, সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে। আগামী নির্বাচনেই তার বহিঃপ্রকাশ ঘটাবে। ক্ষমতায় যাওয়ার রাস্তা আওয়ামী লীগের জন্য কঠিন হয়ে উঠেছে। তাই সরকার ভীত হয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপিকে দুর্বল করতে টার্গেটে পরিণত করেছে।
নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী সহ সারা বাংলাদেশে গ্রেপ্তারকৃত বিএনপির সকল নেতার মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তরা।
অবস্থান কর্মসূচি তে অন্যান্যের মধ্যে নগর বিএনপি’র সহ সভাপতি এম এ আজিজ,আনোয়ার হোসেন লিপু, যুবদল চট্টগ্রাম মহানগর সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,মহিলা দলের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি প্রমুখ বক্তব্য রাখেন।
মাসুম/এমআর





