লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জে যাত্রীবাহি (মিনি পিকআপ) লেগুনা চাপায় আনোয়ার হোসেন (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
নিহত আনোয়ার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্টা এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, রোববার দুপুর সোয়া ২ টার দিকে একটি লেগুনা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আনোয়ারকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসাপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে বিকাল ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আনোয়ারের।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বেশ কিছু সময় রামগতি-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





