কুষ্টিয়ার ভেড়ামারা বাঁকাপুল রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ডিসেম্বর) সকাল ১১টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে পথচারীরা ভেড়ামারা উপজেলার ব্যাকাপুল নামক স্থানে রেললাইনের পাশে এক ব্যক্তির লাশ দেখতে পায়। পরে স্থানীয় চৌকিদার ও লোকজন প্রথমে ভেড়ামারা থানায় ও পরে পোড়াদহ রেলওয়ে জিআরপি থানা পুলিশকে খবর দেয়।

রেলওয়ে (জিআরপি) পুলিশ এসে সকাল ১১টার দিকে  লাশটি উদ্ধার করে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন খন্দকার জানান, অজ্ঞাত ওই ব্যক্তির মৃতদেহ রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

সবুজ / মাহমুদ