একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আজ (৭ নভেম্বর) বৃস্পতিবার বিকেল সোয়া ৪টায় শুরু হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৬ অক্টোবর এই অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, এটি হবে সংক্ষিপ্ত অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই অধিবেশন আহবান করা হয়েছে। সংবিধান অনুযায়ি জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে।
ফলে এই অধিবেশন ৫ থেকে ৭ কার্যদিবস পর্যন্ত চলতে পারে। তবে বৃস্পতিবার বিকেল সোয়া ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই অধিবেশনের কার্যকাল এবং কার্যক্রম নির্ধারণ করা হবে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর বর্তমান সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়ে গত ১২ সেপ্টেম্বর শেষ হয়। এটি ছিল সংসদের সবচেয়ে স্বল্পকালীন ৪ কার্যদিবসের অধিবেশন।
এর আগে সবচেয়ে স্বল্পকালীন অধিবেশন ছিল ৫ কার্যদিবসের। স্বল্পকালীন ওই অধিবেশনে মোট ৫টি বিল উত্থাপন করা হয়।
এমবি





