শবে বরাতে আতশবাজী (পটকা) ফুটানোকে কেন্দ্র করে মিরপুরে রাজধানীর পল্লবীর কালশীতে বিহারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এতে মো. আসলাম (৫০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে(ঢামেক) ভর্তি করা হয়েছে।
শনিবার ফজর নামাজের পর এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল সাড়ে ৮টা) এ সংঘর্ষ চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার ফজরের নামাজের পর এলাকার কিছু যুবক আতশবাজি ফোটাতে শুরু করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ওই যুবকরা আরো লোকজন জড়ো করে লাঠিসোটা সহকারে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের ওপর রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে।
গুলিবিদ্ধ আসলামের পরিবারসূত্রে জানা যায়, আনুমানিক সকাল ৭টায় পল্লবী কালশীর নতুন রাস্তায় দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশের গুলিতে আসলাম আহত হন। তার পিঠে গুলি লাগে।
আসলাম তার পরিবারসহ মিরপুর-১২ এর কুর্মিটোলা ক্যাম্পে বসবাস করেন।
পল্লবী থানার এএসআই আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।
ঢাকা, ১৪ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





