সাভারের আমিনবাজার, জিরানী ও কবিরপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ পথচারী নিহত ও ৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে সাভারে এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় রংপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস অজ্ঞাতনামা এক বৃদ্ধকে (৫৫) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তিনি রাস্তা পার হচ্ছিলেন। 

এর কিছু সময় পর আশুলিয়ার জিরানী বাজার এলাকায় নবীনগর থেকে চন্দ্রাগামী পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি অটোরিক্সাকে চাপা দিলে এক যাত্রী নিহতসহ আহত হয়েছেন আরও ৫জন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান এবং আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিকভাবে আহত ও নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।

অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার মধুমতি মডেল থানার সামনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের চাপায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ