গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঘুমন্ত এক গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতের নাম গিয়াস উদ্দিন (৫৫)। তিনি শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি (নতুন বাজার) এলাকার হাজী আবদুল মালেকের ছেলে।

শনিবার সকাল ৬টার দিকে পৌরসভার ভাংনাহাটি (নতুন বাজার) এলাকার গ্যারেজ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শ্রীপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গিয়াস উদ্দিন অটোরিকশা গ্যারেজের মালিক। প্রতিদিনের মতো শুক্রবার রাত ১২টার দিকে গ্যারেজের মধ্যে ঘুমিয়ে পড়েন তিনি।

সকাল ৬টায় ভাড়ায় রিকশা নেয়ার জন্য চালকরা গ্যারেজে আসলে দরজা খোলা দেখতে পান। এসময় গ্যারেজের ভিতর চৌকির ওপরে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথার বাম পাশে কোপানোর আঘাত পাওয়া গেছে।

মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কারণ জানা যায়নি।

এএস