রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে তিন কিশোর আহত হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।  আহতরা হলেন- ফরহাদ (১৭), স্বপন (১৭) ও হোসেন (১৪)। 

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম জানান, কমলাপুর থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের ছাদে অন্য যাত্রীদের সঙ্গে ওই ৩ জন ছিল। চলন্ত অবস্থায় খিলক্ষেত ও কাওলার মধ্যবর্তী স্থানে ট্রেনের ছাদে থাকা ৩ কিশোর নিচে পড়ে যায়।

পরে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত কিশোরদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

আহতদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ৩ কিশোর একটি টর্চলাইট নিয়ে চলন্ত ট্রেনের ছাদে কাড়াকাড়ি করছিল। এক পর্যায়ে তারা নিচে পড়ে যায়। 

এমবি