স্কুলছাত্র অনিক হাসান সানির খুনিদের গ্রেফতারের দাবিতে রংপুর পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে নিহতের পরিবারসহ এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে মহানগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে পুলিশ সুপারের অফিস ঘেরাও করে এ আলটিমেটাম দেন তারা।

এর আগে দুপুরে নিহত সানির পরিবার ও স্কুলের সহপাঠীরাসহ শালবন ফায়ার সার্ভিস এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, নিহত সানির খুনি ফাহিম বাবু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নানা হুমকি ধামকি দিচ্ছে। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। কি কারণে পুলিশ খুনিদের গ্রেফতার করছে না, তা বোধগম্য নয়।

এ সময় ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতারের দাবি জানান তারা।

এতে বক্তব্য দেন- নিহত সানির বাবা ওমর আলী, সুমন ভোলা, রাতুল, শফিকুল ইসলাম রাহেল, জাফর ইকবাল স্বপন, শামীম মিয়া, সুমন, রাজীব, শিমু প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষুদ্ধ এলাকাবাসী ও সানির পরিবার বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের অফিস ঘেরাও করে খুনিদের গ্রেফতারের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে স্মারকলিপি দেন।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল শুক্রবার ক্রিকেট খেলার সময় এলবিডব্লিউ আউটের আবেদন করায় অনিক হাসান সানিকে ব্যাটিংয়ে থাকা ফাহিম বাবু ক্ষিপ্ত হয়ে ব্যাট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে বেধড়ক আঘাত করে। গুরুতর আহত সানি দুই দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার সকালে মারা যায়। সানি নগরীর কৈলাশ রঞ্জন স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র।

এ ব্যাপারে রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

জেআই